
ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর আজ রোববার (১৯ এপ্রিল, ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের হাতে ট্রফি তুলে দেন বিতার্কিকরা।
গতকাল শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) আসন্ন বাজেটকে কেন্দ্র করে এই বিশেষ প্রাক-বজেট ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিতর্কের বিষয় ছিল— ‘আগামী বাজেটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমেই অর্থনৈতিক সুরক্ষা অর্জন করা যাবে।’
উক্ত প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে যুক্তি উপস্থাপন করে বিজয়ী হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। বিরোধী দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। প্রতিযোগিতায় স্পিকারের দায়িত্ব পালন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
বিজয়ী দলে প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের হরি প্রিয়া সেন। অর্থমন্ত্রী হিসেবে আইন ও বিচার বিভাগের মো. হাসিবুর রহমান এবং সাংসদ হিসেবে ফোকলোর বিভাগের মো. আতিকুর রহমান সেতু অসাধারণ বাগ্মিতা প্রদর্শন করেন। এছাড়াও দলীয় সদস্য হিসেবে সক্রিয় ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের আসাদুর রহমান রবিউল এবং আইন ও বিচার বিভাগের সাঈদা রহমান শৈলী।
আজ উপাচার্যের দপ্তরে ট্রফি হস্তান্তরকালে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিজয়ী বিতার্কিকদের উষ্ণ অভিনন্দন জানান। তিনি বলেন, "এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। বিতার্কিকদের এই মেধা ও যুক্তিনির্ভর দক্ষতা আগামীতে তাদের আরও বড় সাফল্যের শিখরে নিয়ে যাবে।" এসময় তিনি বিতার্কিকদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।